সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০৯ জন। হামলার পর বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো এ হামলার তথ্য স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে চারজন সৌদি আরবের এবং দুজন বাংলাদেশের নাগরিক। এ ছাড়া মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের একজন করে নাগরিক রয়েছেন।
এর আগে হুথি বিদ্রোহীরা রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছিল। গত এক সপ্তাহে বিমানবন্দরটিতে অন্তত চারবার হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও একটি ক্ষেপণাস্ত্র বা নিক্ষিপ্ত বস্তু আঘাত হেনেছে। এসব হামলার পেছনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রিয়াদ বিমানবন্দরে হামলায় এক পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হন। ওই হামলায় বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।
প্রায় দুই মাস ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এর মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বারবার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 


























