বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা: এজেডএম জাহিদ হোসেনের মা বেগম জেবুননেসা’র (৮৩) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
বুধবার (৬ মে) সন্ধ্যায় এক বিবৃতিতে ময়মনসিংহ- ৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য এই শোক প্রকাশ করেন।
তিনি বলেন, বেগম জেবুন নেসা একজন সফল মা এবং সফল নারী। পেশাগত জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে অতি সুপরিচিত ছিলেন। এই মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
প্রসঙ্গত, বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুননেসা।
মৃত্যুকালে বেগম জেবুন নেসা দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে বুধবার (৬ মে) বিকাল পৌনে ৬টার দিকে নগরীর গোলকীবাড়ী কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করেন পরিবারের সদস্যরা। এর আগে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে আছরের নামাজ শেষে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার 






















