প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমগ্র ময়মনসিংহ অঞ্চলে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল রয়েছে, যেগুলো পুনঃখনন করা প্রয়োজন। সরকার পরিকল্পিতভাবে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করছে, যাতে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়।
শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে ত্রিশাল উপজেলা-এর দরিয়ারপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী দরিয়ারপুরের ঐতিহাসিক ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও দখলের কারণে অনেক খাল তার স্বাভাবিক প্রবাহ হারিয়েছে। এসব খাল পুনঃখননের মাধ্যমে কৃষি, মৎস্য ও নৌ-যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
সমাবেশে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ একটি পরিবারের মতো। ২০ কোটি মানুষের সব সুযোগ-সুবিধা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব নয়। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে আইনগত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তারেক রহমান বলেন, যারা সড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা সাধারণ মানুষের স্বার্থ নিয়ে ভাবে না। অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সরকারি সেবাও ব্যাহত হবে।
সমাবেশে তিনি আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম শুরুর ঘোষণাও দেন।
স্টাফ রিপোর্টার 




















