“আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) সহযোগিতায় নকলা পৌর কার্যালয় চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর শরিফুল ইসলাম শরীফ, আব্দুল করিম হেলথকেয়ার কেয়ার সেন্টারের ডাঃ রিফাত হাসান, চৌধুরী ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক লিটন প্রমুখ।
এসময় নকলা পৌরসভার কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থীরাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এর পরে শিক্ষার্থীসহ স্থানীয়দের সঠিকভাবে হাত ধোয়ার কৌশল শিখানো হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। সুস্থ জীবনযাপন ও রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
নকলা (শেরপুর) প্রতিনিধি 


















