জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেদের নির্দোষ দাবি করে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত পরিবারের সদস্যরা।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বটতলা মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন ইউনিয়নের শেখপাড়া গ্রামের বাসিন্দা মকবুল হোসেন।
সংবাদ সম্মেলনে মকবুল হোসেন অভিযোগ করেন, গত ১২ অক্টোবর বটতলা মোড়ে একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক তাঁর ভাতিজা লালচান মাথা ও পায়ে আঘাত পান। তবে ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের আসামি করে মারধরের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তিনি দাবি করেন, দুর্ঘটনার দিন ঘটনাস্থলে কোনো মারামারি কিংবা হামলার ঘটনা ঘটেনি। অথচ সড়ক দুর্ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করা হয়েছে।
মকবুল হোসেন আরও অভিযোগ করেন, জমি বিক্রির কথা বলে প্রতিপক্ষ তাঁর কাছ থেকে ৩৪ লাখ টাকা নিয়েছে। কিন্তু টাকা নেওয়ার পরও জমি রেজিস্ট্রি করে না দিয়ে উল্টো তাঁদের হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করেছে।
তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনার দিন সেখানে কোনো মারামারির ঘটনা ঘটেনি। জমিসংক্রান্ত বিরোধের জেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। একই সঙ্গে ঘটনাস্থলে সরেজমিন তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং মিথ্যা মামলা থেকে আমাদের অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আছমা বেগম, শাহাজল মিয়া, অন্তর মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জামালপুর আঞ্চলিক প্রতিনিধি 









