জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন প্রকল্পের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাবার, লিচু ও কামরাঙ্গা গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
বৃক্ষরোপণকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের প্রয়োজনে কিছু গাছ সরিয়ে অন্যত্র স্থানান্তর এবং কিছু গাছ অপসারণ করতে হয়েছে। তবে পরিবেশ রক্ষায় আমরা তার চেয়ে অধিক পরিমাণে গাছের চারা পরিকল্পিতভাবে রোপণ করছি।”
পূবালী ব্যাংক পিএলসি-এর সৌজন্যে আয়োজিত এই কর্মসূচিতে ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়। এর মধ্যে রয়েছে রাবার, রঙ্গন, বাগানবিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকী, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠবাদাম, সোনালু ও করবীসহ বিভিন্ন প্রজাতির চারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স), পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক ও ত্রিশাল শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ আলী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 















