প্রধানমন্ত্রী তারেক রহমান জনপ্রত্যাশা অনুযায়ী আয়রন ম্যান হিসেবে আবির্ভূত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন গণতন্ত্র উন্নয়ন সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনকল্যাণে প্রধানমন্ত্রী জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ জনগণের নিরাপত্তা এবং আইনের শাসনের প্রশ্নে তিনি দৃঢ়চেতা ও আপসহীন।
শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল বাজারে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অপরাধ দখল মাদক সন্ত্রাস নৈরাজ্য অপপ্রচার অনৈতিকতা ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালী হোক তার কোনো দল নেই এবং কোনো ছাড়ও নেই। তিনি বলেন ঝড়ের পরপরই রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া হয় এবং তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছিল। এর ধারাবাহিকতায় এবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নন ফুড আইটেম গৃহ নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী রান্নার জিনিসপত্র তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন দুর্যোগ মোকাবিলা শুধু দুর্যোগের পর ত্রাণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। দুর্যোগের আগে মানুষকে সতর্ক ও প্রস্তুত করা দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও জরুরি সহায়তা দেওয়া এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও পুনর্গঠনকে সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
ময়মনসিংহ ইউনিটকে রেড ক্রিসেন্ট সোসাইটির মডেল ইউনিট হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় উদ্ধার সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণের সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন বিএনপি দুর্যোগ ও দুর্বিপাকে জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে। অসহায় মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও পুনর্গঠনের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ভোর রাতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ধুরাইল ইউনিয়নের পাবিয়াজুরি ও গোরকপুর গ্রামে ১৫টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং ৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ২২ সেপ্টেম্বর সৈয়দ এমরান সালেহ প্রিন্স ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত ৫৩টি পরিবারের মাঝে কিচেন সেট শেল্টার কিটস হাইজিন পার্সেল ও তারপলিন বিতরণ করেন। অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কাজিম উদ্দিন ধুরাইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক মাসুম বিল্লাহ সদস্য সচিব সারোয়ার জাহান স্বাধীনসহ স্থানীয় নেতাকর্মী রেড ক্রিসেন্টের কর্মকর্তা স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 












