আফগানিস্তানের দুটি এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, লক্ষ্যভিত্তিক এই হামলায় অন্তত ২২ জন জঙ্গি নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা ও নিহতদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, চলমান ‘অপারেশন গজব লিল-হক’-এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি এলাকায় এই বিমান হামলা চালানো হয়।
ইসলামাবাদের দাবি, হামলার লক্ষ্য ছিল ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে অভিহিত গোষ্ঠীগুলোর ক্যাম্প ও গোপন আস্তানা। পাকিস্তানি কর্তৃপক্ষ এসব গোষ্ঠী ও তাদের সহযোগীদের দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত লক্ষ্যগুলোতে আঘাত হানা হয়েছে এবং প্রাথমিক তথ্য অনুযায়ী ২২ জন জঙ্গি নিহত হয়েছেন। হামলায় সংশ্লিষ্ট ঘাঁটিগুলোতে মজুত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে মন্ত্রণালয়।
বিবৃতিতে পাকিস্তান বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা অব্যাহত রাখলেও নিজেদের নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দেশটি।
আফগানিস্তানের ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেছে ইসলামাবাদ। এই অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট ঘাঁটিগুলো লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়।
হামলার সময় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান। তবে আফগান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় ‘গজব লিল-হক’ নামে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী নেটওয়ার্ক ও তাদের সহযোগীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক ডেস্ক 














