ময়মনসিংহের নান্দাইলে কাবিটা প্রকল্পের মাধ্যমে অর্থায়নে নির্মিত রাস্তার ইটে সলিং রাতের আধারে দুর্বৃত্তরা তুলে নেওয়ার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। রবিবার (১লা নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জানান- সম্প্রতি সময়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ২০২৬-২০২৭ অর্থবছরের কাবিটা প্রকল্পের মাধ্যমে খারুয়া ইউনিয়নের রাজাবাড়িয়া-খারুয়া সড়কের হালিউড়া দারুল কোরআন নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা সড়ক ইটের সলিং করা হয়। গত তিনদিন আগে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজ বাধাগ্রস্থ করতে রাতের আঁধারে দুর্বৃত্তরা ইটের সলিং তুলে নেয়। এতে করে চলাচলের বিপাকে পড়েছে হালিউড়া দারুল কোরআন নূরানী হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার খুদে শিক্ষার্থী ও এলাকাবাসীরা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, সদস্য মাহমুদ হোসেন,খারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, যুবদল নেতা সিদ্দিকুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দল নেতা জুম্মন ভূইয়া সহ এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
প্রকল্পের সভাপতি জুম্মন ভূইয়া বলেন- একটি মাদ্রাসা, ঈদগাহ মাঠ ও এলাকাবাসীর চলাচলের জন্য রাস্তাটি ইটের সলিং করা হয়েছিল। তারপরেও কুচক্রি মহল রাতের আঁধারে ইট গুলো তুলে নিয়ে গেছে। যারা অপরাধী তাদের বিচার দাবি করছি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন- এ ঘটনায় একজন কে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।
নান্দাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল হক তারেক বলেন- ইটের সলিং তুলে নেওয়ার ঘটনা খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ কে নির্দেশ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার, নান্দাইল 









