মাদকমুক্ত সমাজ গঠন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী প্রচারণা চালিয়েছে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)। এতে বাহিনীর শতাধিক সদস্য অংশ নেন।
আনসার ও শহর প্রতিরক্ষা বাহিনীর ওয়ার্ড লিডার ফয়সল আহমেদ, পিভিএমএসের আয়োজনে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।
প্রচারণাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মজিবুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, ‘মাদকবিরোধী এমন উদ্যোগ প্রশংসনীয়। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপিকেও মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে।’
তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজক ফয়সল আহমেদ(পিভিএমএস) বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আনসার-ভিডিপির এ ধরনের প্রচারণা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ভূমিকা রাখবে।
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি 



















