ময়মনসিংহের মুক্তাগাছায় ছুরিকাঘাতে শ্বাশুড়িকে হত্যার ঘটনায় মনির হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ। গ্রেপ্তার মো. মনির হোসেন উপজেলার দুল্লা ইউনিয়নের হরিরামপুর গ্রামের মো. সেলিমের পালক ছেলে। নিহত ফজিলা বেগম একই এলাকার মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
রবিবার (৪ মে) বিকালে ময়মনসিংহ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার দিবাগত রাত ২ টার দিকে কুমিল্লা জেলার সদর উপজেলার কোটবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ মে রাত ২ টার দিকে পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে এসে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রুনা আক্তারকে ছুরিকাঘাত করে। রুনার ডাক-চিৎকারে মা ফজিলা বেগম মনির হোসেনকে ফেরাতে যান। এসময় মনির হোসেন তার হাতে থাকা ছুরি দিয়ে ফজিলা বেগমের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে মা-মেয়েকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজিলা বেগমকে মৃত ঘোষণা করোন।
এ ঘটনার পর ওই দির নিহতের অপর মেয়ে তাসলিমা আক্তার মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করে পিবিআই পুলিশ।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, গ্রেপ্তারের পর মনিরকে আদালতে তুলা হলে ১৬৪ ধারাায় হত্যার দায স্বীকার করে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।











