রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য থাকলেও তা যেন সংঘাত কিংবা সামাজিক বিভেদের কারণ না হয়—এমন আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভার বক্তারা। তাঁরা বলেছেন, শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক সহনশীলতা ছাড়া একটি বৈষম্যহীন ও টেকসই সমাজ গঠন সম্ভব নয়। এ জন্য প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে আজ(১১ নভেম্বুবর) বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে নাগরিক দায়িত্ববিষয়ক এ সভার আয়োজন করে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)। মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।
পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, উন্নত, বৈষম্যহীন ও টেকসই সমাজ বিনির্মাণে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতার বিকল্প নেই। সংঘাত ও বিভেদ কখনো উন্নয়ন বয়ে আনে না। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম তালুকদার বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও অহিংস সমাজ গঠনে সব শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তৃণমূল পর্যায়ে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সেতুবন্ধ তৈরিতে পিএফজি কাজ করে যাচ্ছে।
পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পিএফজি অ্যাম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ মোশাররফ ও পিএফজির ফিল্ড কো-অর্ডিনেটর আখতারুজ্জামান।
বক্তারা বলেন, মতের অমিল থাকতেই পারে। তবে দেশ ও সমাজের বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা সবার নৈতিক দায়িত্ব। শান্তি প্রতিষ্ঠায় নাগরিকদের নিষ্ক্রিয় থাকার সুযোগ নেই; বরং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি 


















