দুই শতাব্দীর ইতিহাস, স্থাপত্য আর ধর্মীয় ঐতিহ্য মিলিয়ে স্বতন্ত্র পরিচয়ে দাঁড়িয়ে আছে আটপাড়ার স্বরমুশিয়া খাঁ বাড়ি জামে মসজিদ। নির্মাণের পর কেটে গেছে প্রায় ২৩০ বছর। সময়ের প্রবাহে মসজিদটির কিছু অংশে সংস্কার হয়েছে, সম্প্রসারণ হয়েছে মুসল্লিদের নামাজের জায়গা। কিন্তু এর প্রাচীন নির্মাণশৈলীর বড় একটি অংশ এখনো দৃশ্যমান। ছয় থেকে আট ফুট পুরু দেয়াল আর তিনটি গম্বুজের স্থাপত্যে অতীতের সাক্ষ্য বহন করছে নেত্রকোণার আটপাড়া উপজেলার হরিপুর গ্রামের স্বরমুশিয়া খাঁ বাড়ি তিন গম্বুজ জামে মসজিদ।
স্থানীয় ইতিহাস ও প্রচলিত তথ্য অনুযায়ী, ১২১৭ হিজরিতে হজ পালন শেষে দেশে ফিরে স্থানীয় মুসা খাঁ মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির দেয়ালের পুরুত্ব ছয় থেকে আট ফুট। স্থাপত্যের দৃঢ়তা ও দেয়ালের পুরুত্বে প্রাচীন দুর্গ কিংবা রাজপ্রাসাদের নির্মাণশৈলীর ছাপ রয়েছে। দীর্ঘ সময় ধরে টিকে থাকা স্থাপনাটি এখন স্থানীয়দের কাছে ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি ঐতিহ্যের স্মারক।
মসজিদটি নির্মাণের সময় এর ভেতরে এক কাতারে ১৮ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন। সময়ের সঙ্গে মুসল্লি বাড়ায় পরবর্তী সময়ে বারান্দা সম্প্রসারণ করা হয়। বর্তমানে মসজিদটিতে একসঙ্গে প্রায় ৭০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মেঝেতে টাইলসসহ বিভিন্ন সংস্কারকাজ হলেও পুরোনো স্থাপত্যের বৈশিষ্ট্য এখনো ধরে রেখেছে মসজিদটি।
মসজিদটির তিনটি গম্বুজ নিয়েও স্থানীয়দের মধ্যে রয়েছে ঐতিহ্যগত বিশ্বাস। তাদের ধারণা, গম্বুজ তিনটি ইসলামের প্রথম তিন খলিফা হজরত আবু বকর (রা.), হজরত ওমর (রা.) ও হজরত ওসমান (রা.)-এর নামে পরিচিত। যদিও এ নামকরণের পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল পাওয়া যায় না, স্থানীয়দের মুখে মুখে প্রচলিত ধারণাটি মসজিদটির ইতিহাসের সঙ্গে মিশে আছে।
মুসা খাঁর বংশধর মোতাহার হোসেন খান মোতালিব বলেন, মসজিদটির সঙ্গে তাদের পরিবারের বহু প্রজন্মের স্মৃতি জড়িয়ে আছে। তিনি, তার বাবা ও পূর্বপুরুষরা এই মসজিদে নামাজ আদায় করেছেন। তাঁর ভাষায়, ২৩০ বছরের পুরোনো এই মসজিদ শুধু অতীতের গৌরব নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন। ইসলামী ঐতিহ্যের এই স্থাপনা যথাযথভাবে সংরক্ষণ ও উন্নয়ন করা গেলে শতাব্দীর পর শতাব্দী ধরে এখান থেকে ইসলামের আলো ছড়িয়ে যাবে।
মসজিদটির ইমাম মুফতি নোমান বিন আজিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এমন একটি প্রাচীন ও ঐতিহাসিক মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতে পারা তার জন্য সৌভাগ্য ও গর্বের বিষয়। মসজিদটি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে টিকে আছে। তিনি দোয়া করেন, মসজিদটি যেন আগামী বহু যুগ ধরে টিকে থাকে এবং ঐতিহাসিক গুরুত্ব ও ঐতিহ্য ধরে রাখতে পারে।
আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি 



















