ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুতায়িত হয়ে মো. রমজান আলী (২৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দশধার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. রমজান আলী ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে । তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সারাদিন ইজিবাইক চালিয়ে রাতে নিজের বাড়িতে ইজিবাইক চার্জে দেন রমজান আলী। বৃহস্পতিবার সকালে চার্জ থেকে ইজিবাইক খুলতে যান। সে সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন,অটো চার্জার থেকে খুলতে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে। ছেলেটির আয়ের ওপর তার পরিবার চলতো।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার, নান্দাইল 



















