বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ সম্প্রসারণে ক্যাম্পাসে কনসার্ট, আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত সড়ক পুনর্নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এসব দাবি জানানো হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইবসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, বিদ্যমান সমস্যা সমাধান, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি একাডেমিক কার্যক্রমের চাপ ও একঘেয়েমি দূর করে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ বাড়াতে ক্যাম্পাসে কনসার্ট এবং আবাসিক হলগুলোতে নিয়মিত সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্যের কাছে তুলে ধরার অনুরোধ করেন নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা তুলে ধরে শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান বলেন, ‘জব্বার মোড় থেকে প্রথম গেট পর্যন্ত সড়কটির বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাতায়াতের সুবিধার্থে সড়কটি দ্রুত পুনর্নির্মাণে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন।’
এ ছাড়া ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনায় সমান সুযোগ ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে স্বেচ্ছাসেবীদের আগ্রহ, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব দেন তারা।
এ সময় নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টাকে ‘নন্দিত রাষ্ট্রনায়ক: জিয়াউর রহমান’ এবং ‘জননায়ক তারেক রহমান’ শীর্ষক দুটি বই উপহার দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আবদুল আলীম শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও প্রশাসনিক কাঠামো অনুসরণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্টাফ রিপোর্টার 













