নেত্রকোণার কেন্দুয়া উপজেলা সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়ার সাউদপাড়াস্থ বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে-সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়লেও সরেজমিনে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা, উপজেলা বিএনপি সভাপতি এবং থানা পুলিশের বক্তব্যেও হামলার ঘটনার কোনো তথ্য বা অভিযোগের সত্যতা মেলেনি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত ১০ নভেম্বর দৈনিক আমার দেশ পত্রিকার কেন্দুয়া উপজেলা প্রতিনিধি শাহ আলী তৌফিক রিপন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে দাবি করেন, ৯ নভেম্বর উপজেলা সাধারন সম্পাদক কামরুল হাসান ভূঁইয়ার সাউদপাড়াস্থ বাড়িতে হামলা-ভাঙচুরে করা হয়।
ওই ফেসবুক পোস্টের সূত্র ধরে বুধবার (১১ নভেম্বর) বেলা ১টার দিকে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। সেখানে বাড়িঘরে সাম্প্রতিক হামলা কিংবা ভাঙচুরের কোনো দৃশ্যমান চিহ্ন পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, কামরুল হাসান ভূঁইয়ার বাড়িতে হামলা বা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। এমনকি এ ধরনের কোনো ঘটনার কথাও তাঁরা শোনেননি। তাঁরা আরও জানান, বাড়িটি দীর্ঘদিন ধরে জনশূন্য অবস্থায় পড়ে আছে। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা বলেন, ফেসবুকে প্রচারিত হামলা ও ভাঙচুরের তথ্য সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উপজেলা বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আমরা এর প্রতিবাদ জানাই।
এদিকে, সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের বিষয়ে শাহ আলী তৌফিক রিপন মুঠোফোনে জানান, অন্য একটি ফেসবুক পোস্টের তথ্যের ভিত্তিতে তিনি ওই সংবাদটি প্রকাশ করেছিলেন। সরেজমিনে যাচাই না করে এমন পোস্ট দেওয়া তাঁর ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি। পরবর্তী সময়ে এ বিষয়ে একটি সংশোধিত পোস্ট দিয়েছেন বলেও জানান। একই সঙ্গে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “এ ধরনের কোনো হামলার তথ্য বা অভিযোগ আমাদের কাছে নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”
কেন্দুয়া প্রতিনিধি 


















