মেধা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের স্বাক্ষর রেখে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে পা রাখতে যাচ্ছে শেরপুরের নকলা উপজেলার ইশিবপুরের খুদে শিক্ষার্থী তাহমিদ হোসাইন আরাফ। আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াড সিজন-৫-এর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলতা অর্জন করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য গ্লোবাল গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণের সুযোগ পেয়েছে সে।
আরাফ ময়মনসিংহের উইজডম ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী। ইংলিশ অলিম্পিয়াডের পঞ্চম আসরে গ্রেড থ্রি থেকে অংশ নিয়ে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ধাপ অতিক্রম করে আন্তর্জাতিক পর্বে প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করে সে।
খুদে বয়সেই এমন অর্জনে আরাফের পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। তার এই সাফল্যে গর্বিত পুরো নকলা উপজেলাবাসী।
আরাফের বাবা সাব্বির হোসাইন রাসেল সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের এই অর্জনের খবর জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, তার ছোট্ট আরাফ ইংলিশ অলিম্পিয়াডে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে অবশেষে আন্তর্জাতিক পর্যায়ে (গ্লোবাল গ্র্যান্ড ফাইনাল) অংশগ্রহণের সুযোগ পেয়েছে।”
ছেলের সাফল্যে আনন্দ প্রকাশের পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন সাব্বির হোসাইন রাসেল। আরাফ যেন বড় হয়ে একজন প্রকৃত ঈমানদার মানুষ হিসেবে গড়ে ওঠে এবং পবিত্র কুরআনের আলোয় আলোকিত হয়, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
নকলার ইশিবপুরের এই খুদে শিক্ষার্থীর আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ কেবল তার পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্যই গর্ব ও আনন্দের বিষয়। প্রাথমিক শ্রেণিতে পড়াশোনা করেই আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে জায়গা করে নেওয়া আরাফের এই সাফল্য এলাকার অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনা, ইংরেজি ভাষা চর্চা ও মেধা বিকাশে উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়রা।
আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য গ্লোবাল গ্র্যান্ড ফাইনালে অংশ নেবে আরাফ। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তার সফল অংশগ্রহণ ও কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রত্যাশায় শুভকামনা জানিয়েছেন পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। নকলার এই সন্তান আন্তর্জাতিক মঞ্চে নিজের মেধার স্বাক্ষর রেখে দেশের জন্য সম্মান বয়ে আনবে—এমন প্রত্যাশা সবার।
নকলা (শেরপুর) প্রতিনিধি 


















