ময়মনসিংহের নান্দাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি)-এর দিকনির্দেশনায় অবস্থান কর্মসূচি ও শোডাউন করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাজার ও নান্দাইল বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায় ও নাজমুল হাসান।
এ ছাড়া নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির ও পৌর বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, শাহজাহান ফকিরসহ উপজেলা, পৌরসহ ১৩টি ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন।
অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার, নান্দাইল 


















