ময়মনসিংহের ভালুকায় তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের মধ্যে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায় এ চাল বিক্রি করা হচ্ছে।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেড কারখানা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিন ৫০০ শ্রমিকের প্রত্যেককে ১০ কেজি করে মোট পাঁচ হাজার কেজি চাল দেওয়া হয়েছে।
কর্মসূচির নিয়ম অনুযায়ী, প্রকৃত পোশাকশ্রমিকেরা পরিচয়পত্র দেখিয়ে মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ চাল বিক্রি করা হবে। অনুমোদিত ডিলার ওয়াল কিবরিয়া শ্যামল।
শ্রমিকেরা জানান, বর্তমান বাজারদরের তুলনায় ৩০ টাকা কেজি দরে চাল পাওয়া তাঁদের জন্য স্বস্তির বিষয়। কর্মসূচিটি সারা বছর চালু রাখার পাশাপাশি প্রকৃত পোশাকশ্রমিকেরা যাতে এ সুবিধা পান, তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর দাবি জানান তাঁরা।
কারখানাটির পরিচালক (অপারেশন) মো. আসাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন। তিনি বলেন, শ্রমিকদের কথা বিবেচনা করে বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে, তা খুবই সময়োপযোগী। ন্যায্যমূল্যে চাল পেয়ে শ্রমিকেরা সন্তুষ্ট।
ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন জানান, আজ শুক্রবার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ছয়টি স্থানে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে প্রত্যেক শ্রমিক ১০ কেজি করে চাল পেয়েছেন।
স্টাফ রিপোর্টার 


















