সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে বুধবার (১৫ এপ্রিল) ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। প্রায় ১৫ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো পররাষ্ট্রসচিব ঢাকা সফর করছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ১৭ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, আর পাকিস্তানের পক্ষে থাকবেন আমনা বালুচ।
তালিকা অনুযায়ী, বৈঠক ও মধ্যাহ্নভোজ শেষে আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
ঢাকার কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, এ বৈঠকে মূল আলোচ্য বিষয় থাকবে দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার উপায়। পাকিস্তান থেকে একটি প্রস্তাব আসতে পারে—রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সমন্বয় বাড়াতে পূর্বের যৌথ কমিশনটি পুনরায় চালুর জন্য। অন্যদিকে, বাংলাদেশ পক্ষ থেকে সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে একটি বিশেষ কর্মসূচির প্রস্তাব দেওয়ার সম্ভাবনা রয়েছে।

























