তেহরানে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি—এ তথ্য নিশ্চিত করেছে তেলআবিব।
ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র জানিয়েছেন, ড্রোন প্রতিরোধে সব ধরনের প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় রয়েছে। এর আগে ভোরে ইরানের একটি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে “অপারেশন রাইজিং লায়ন” নামক হামলা চালায় ইসরায়েল। এ সময় ইরানি সামরিক কমান্ডার ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি ছিল মূল টার্গেট।
আক্রমণের আশঙ্কায় ইরানজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা।
এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দেশের অস্তিত্ব হুমকির মুখে থাকলে ইরানে অভিযান অব্যাহত থাকবে। তাঁর ভাষায়, “ইরান বহু বছর ধরে আমাদের ধ্বংসের হুমকি দিয়ে আসছে, আমরা আত্মরক্ষায় প্রয়োজনে যতদূর সম্ভব যাবো।”


















