মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য ছয় দেশের অংশগ্রহণে তিন দিনব্যাপী বৃহৎ সামরিক মহড়া শুরু হয়েছে। যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি, যৌথ সামরিক সক্ষমতা উন্নয়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদার করাই এ মহড়ার মূল উদ্দেশ্য।
বুধবার (২৯ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, ২৮ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিত ‘বাহরাইন শিল্ড’ নামের এই মহড়ায় জিসিসির সদস্য দেশ—বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতারের সশস্ত্র বাহিনী অংশ নিচ্ছে।
বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল-নুয়াইমি বলেন, মহড়ার লক্ষ্য যুদ্ধের প্রস্তুতি বৃদ্ধি, আধুনিক সামরিক কৌশল আয়ত্ত করা এবং উপসাগরীয় দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা। তিনি জানান, জিসিসি বাহিনীর সম্মিলিত অংশগ্রহণ বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর যৌথ সামরিক সক্ষমতার প্রতিফলন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সহিংসতা যৌথ প্রতিরক্ষার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করেছে। এ মহড়া সামরিক সংহতির একটি শক্তিশালী কৌশলগত ভিত্তি তৈরি করবে এবং সম্ভাব্য যেকোনো আক্রমণের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক হবে।
এর আগে বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই মহড়ার মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে যৌথ সামরিক সহযোগিতা জোরদার, বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান বিনিময় এবং যৌথ সামরিক ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
সূত্র: আল জাজিরা।
আন্তর্জাতিক ডেস্ক 
























