মাত্র একদিনে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ১,১৯৪ জন অনিয়মিত অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছেন। স্থানীয় সময় শনিবার ১৮টি ছোট নৌকায় তারা ফরাসি উপকূল পেরিয়ে ব্রিটিশ ভূখণ্ডে প্রবেশ করেন। চলতি বছরে একদিনে এটি অভিবাসনসংক্রান্ত সর্বোচ্চ রেকর্ড।
এ পর্যন্ত ২০২৫ সালে চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৮ জনে। যদিও যুক্তরাজ্য ও ফ্রান্স উভয় সরকারই ছোট নৌকায় করে অভিবাসন ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে, তবু এই সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেশি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেখানে দেখা যায়, ফরাসি পুলিশ সদস্যরা সৈকতে উপস্থিত থাকলেও নৌকা ছাড়ার সময় অভিবাসীদের থামানোর কোনো চেষ্টা করেননি। এ নিয়ে ব্রিটেনের রক্ষণশীল মহলে তীব্র সমালোচনা চলছে।
কনজারভেটিভ পার্টির এমপি ক্রিস ফিলিপ এই ঘটনাকে ‘লজ্জার দিন’ বলে উল্লেখ করেছেন। রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফারাজ দাবি করেছেন, ‘‘আমাদের দেশ আজ হুমকির মুখে।’’
এ ছাড়া যুক্তরাজ্য প্রত্যাখ্যাত অভিবাসীদের ফেরত পাঠাতে ‘রিটার্ন হাব’ বা প্রত্যাবাসন কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে ইরাক, জার্মানি, সার্বিয়া ও কসোভোর সঙ্গে চুক্তি করেছে লন্ডন।
সরকারি এক মুখপাত্র জানান, ‘‘অভিবাসন ইস্যুর প্রতিটি স্তরে আমরা পরিকল্পিতভাবে কাজ করছি।’’
উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর একদিনে সবচেয়ে বেশি ১,৩০৫ জন চ্যানেল পাড়ি দিয়েছিল। ওই বছর মোট ৪৫ হাজার ৭৭৪ জন যুক্তরাজ্যে প্রবেশ করে। ২০২৪ সালে এ সংখ্যা দাঁড়ায় ৩৬ হাজার ৮০০-এ। চলতি বছরের গতি দেখে বিশেষজ্ঞরা ধারণা করছেন, আগের সব রেকর্ড ভেঙে যেতে পারে।
এদিকে ২০২৫ সালে এখন পর্যন্ত চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৭৮ জন। গত সপ্তাহে ফরাসি উপকূলে পৃথক অভিযানে ১৮৪ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের উপকূলরক্ষী বাহিনী।























