ভারতের ওড়িশা রাজ্যে দুর্নীতি বিরোধী সংস্থার অভিযানে এক সরকারি কর্মকর্তার অদ্ভুত কাণ্ড প্রকাশ্যে এসেছে। ধরা পড়ার আতঙ্কে নিজের অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে বান্ডিল বান্ডিল টাকা নিচে ফেলে দেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, অভিযুক্ত ওই কর্মকর্তার নাম বৈকুণ্ঠ নাথ সারঙ্গী। তিনি ওড়িশা সরকারের পল্লী উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলীর দায়িত্বে ছিলেন। দুর্নীতির অভিযোগে তার বাড়িসহ মোট সাতটি স্থানে অভিযান চালানো হয়, যার মধ্যে ছিল তার আত্মীয়ের বাড়ি ও সরকারি দপ্তরও।
অভিযান চলাকালীন নিজের ফ্ল্যাট থেকে জানালা দিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ছুড়ে ফেলতে দেখা যায় সারঙ্গীকে। পরে সেখান থেকে উদ্ধার করা হয় প্রায় দুই কোটি রুপি। উদ্ধার করা টাকাগুলোর মধ্যে ৫০০, ১০০ এবং ৫০ রুপির নোটের বান্ডিল ছিল।
তার বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযানে উচ্চপদস্থ পুলিশ ও দুর্নীতি বিরোধী সংস্থার কর্মকর্তারা অংশ নেন। অভিযানের একটি ভিডিওতে কর্মকর্তাদের হাতে নগদ অর্থ গুনতে দেখা যায়, যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
























