দীর্ঘ ২৩ বছর পর অন্যের দখলে থাকা পৈত্রিক ২১ শতক ফসলি জমির দখল ফিরে পেলেন মো.সেলিম উদ্দিন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশের পরিপ্রেক্ষিতে নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় ২১ শতাংশ ফসলি জমি সেলিম উদ্দিনকে বুঝিয়ে দেওয়া হয়। মো.সেলিম উদ্দিন উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী গ্রামের মৃত আছির উদ্দিনের পুত্র।
২৩ বছর আগে সেলিমের আপন জেঠা আক্তার উদ্দিন সেলিমের পৈত্রিক ২১ শতাংশ ও আক্তারের নিজের ২১ শতাংশসহ মোট ৪২ শতাংশ জমি মৃত মফিজের দুই পুত্র মো.মজিবুর রহমান ও আব্দুল মতিনের কাছে বিক্রি করে দেন। সেই থেকে জমিটি মজিবুর ও আব্দুল মতিনের দখলে ছিল।
নিজের পৈত্রিক ২১ শতাংশ জমি ফিরে পেতে মো.সেলিম উদ্দিন ২০২০ সালে আদালতে মামলা দায়ের করেন। মামলার কার্যক্রম শেষে আদালত রায়ের মাধ্যমে সেলিম উদ্দিনকে জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন বেতাগৈর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন,বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান,সদস্য সচিব আব্দুস সালাম মন্ডল,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জমি ফিরে পেয়ে সেলিম উদ্দিন বলেন,আমি দীর্ঘ ২৩ বছর পর আমার জমিটা বুঝে পেয়েছি। যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে সেলিম উদ্দিনকে তার ২১ শতাংশ জমি বুঝিয়ে দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার, নান্দাইল 



















