বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, কলসিন্দুর শুধু একটি গ্রামের নাম নয়, এটি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটি গর্বের প্রতীক। এখানকার মেয়েরা প্রতিকূলতা জয় করে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে, যা পুরো জাতির জন্য অনুপ্রেরণা। সঠিক পরিকল্পনা, দক্ষ প্রশিক্ষক ও দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতা থাকলে গ্রাম থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব। বিএনপি ক্রীড়াকে একটি সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে তুলতে বদ্ধ পরিকর।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ায় কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ক্রীড়া উন্নয়ন, নিয়মিত খেলাধুলা এবং কলসিন্দুরের নারী ফুটবলারদের কৃতিত্বের ভূয়সী প্রশংসা করেন।
প্রিন্স বলেন, ক্রীড়া উন্নয়ন মানেই শুধু খেলাধুলা নয়; এর মাধ্যমে শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণ তৈরি হয়। এজন্য সমাজ ও রাষ্ট্রকে নিয়মিত খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। বিএনপি স্কুলের পাঠক্রমে ক্রীড়া ও আর্ট-কালচারকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করবে।
এমরান সালেহ প্রিন্স বলেন, কলসিন্দুরে ছেলে-মেয়েদের জন্য একটি স্থায়ী ফুটবল প্রশিক্ষণ একাডেমি, কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের মেয়েদের জন্য প্রশিক্ষণকালীন আপ্যায়ন ভাতা, স্থায়ী প্রশিক্ষক নিয়োগ এবং স্টেডিয়ামে নিয়মিত খেলার আয়োজনের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজ উদ্দিন, বর্তমান আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুস শহীদ, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুবদল নেতা আবুল কাশেম ডলার, ফারুক হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসাইন, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার 






















