ময়মনসিংহসহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর পাশের হার ৫৮.২২ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৭৮ জন।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। মোট পাশকৃত পরীক্ষার্থী ৬১ হাজার ৪৫৬ জন; যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। ছাত্র পাশের হার ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৬১.৪৯ শতাংশ।
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৬ হাজার ৬৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১২৬ জন (৪৬.৮১%) এবং ছাত্রী ৩ হাজার ৫৫২ জন (৫৩.১৯%)। এ শিক্ষাবোর্ডের মোট ১৫৬টি কেন্দ্রের ১ হাজার ৩২৮টি প্রতিষ্ঠানে এবছর এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এ বছর পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে ময়মনসিংহে মোট ফরম পূরণ করে ১ লাখ ৭ হাজার ১৬১ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ জানান, চলতি বছরে মোট ১,০৫,৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাস করেছে ৬১,৪৫৬ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৬,৬৭৮ জন পরীক্ষার্থী।
জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী জামালপুরে মোট ২৫,৭৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৫,৩৩৬ জন (পাসের হার ৫৯.৪৬%), নেত্রকোনায় ১৯,৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১,৬৬৯ জন (পাসের হার ৬০.০৮%), ময়মনসিংহে ৪৫,৮৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬,৬৯১ জন (পাসের হার ৫৮.২০%) এবং শেরপুরে ১৪,৪৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭,৭৬০ জন (পাসের হার ৫৩.৫৪%)।
উল্লেখযোগ্য যে, জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩,১২৩ জন ছাত্র এবং ৩,৫৫৫ জন ছাত্রী রয়েছেন।















