প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল ইউনিট–১ শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে – এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
উদ্বোধন উপলক্ষে আজ সোমবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। তিনি বলেন, উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বেসরকারি পর্যায়ে এমন উদ্যোগ সময়োপযোগী। প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল এ অঞ্চলের মানুষের চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মো. মুনসুর আলম চন্দন। তিনি জানান, হাসপাতালটি সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হবে। রোগীর সেবাই হবে এ প্রতিষ্ঠানের প্রধান অঙ্গীকার।
নতুন এই হাসপাতালের মূল আকর্ষণ হিসেবে থাকছে অত্যাধুনিক ৩ টেসলা এমআরআই, ১২৮ স্লাইস স্পাইরাল সিটি স্ক্যানসহ বিশ্বমানের ডায়াগনস্টিক সুবিধা। পাশাপাশি এখানে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে এনজিওগ্রাম সেবা, যা হৃদরোগ চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া ধাপে ধাপে সব ধরনের আধুনিক চিকিৎসাসেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
দোয়া মাহফিলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল এবং হাসপাতালের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্টাফ রিপোর্টার 





















