যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ম্যাসাচুয়েটসের একটি ফেডারেল আদালতে শুক্রবার (২৩ মে) মামলাটি দায়ের করা হয়।
বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড অভিযোগ করেছে, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বন্ধ করে এবং বর্তমানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দিয়ে যুক্তরাষ্ট্র সরকার সংবিধান লঙ্ঘন করেছে।
মামলায় বলা হয়, “প্রথম সংশোধনীতে প্রদত্ত অধিকার রক্ষায় হার্ভার্ড সরকারের হস্তক্ষেপ মেনে নেয়নি, যার প্রতিক্রিয়ায় একের পর এক প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এই নিষেধাজ্ঞা সেই ধারাবাহিকতারই অংশ।”
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের মাধ্যমে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে। হার্ভার্ড আদালতের কাছে এর বিরুদ্ধে জরুরি অস্থায়ী স্থগিতাদেশ চেয়েছে।
বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, এই সিদ্ধান্ত তাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত করছে এবং তাৎক্ষণিক আইনি প্রতিকার প্রয়োজন। তারা আরও জানায়, প্রশাসনের দাবি অনুযায়ী ছাত্রদের শৃঙ্খলার রেকর্ড সরবরাহ এবং সমতাভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম বাতিল না করায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের শিক্ষা মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।























