সৌদি আরবে হজ পালনের জন্য অনুমতি না নিয়ে মক্কায় প্রবেশের চেষ্টাকালে ব্যর্থ হয়েছেন প্রায় ২ লাখ ৭০ হাজার মুসল্লি। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, হজের সময় অতিরিক্ত ভিড় ও শৃঙ্খলা বজায় রাখতে এসব মুসল্লিকে মক্কায় ঢোকার আগেই ফিরিয়ে দেওয়া হয়েছে।
রবিবার (১ জুন) সৌদি সরকারের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে শুধু ফিরিয়ে দেওয়া নয়, বরং কঠোর জরিমানা ও শাস্তির মুখেও পড়তে হবে। এই নিয়ম শুধু বিদেশিদের জন্য নয়, মক্কার স্থানীয় বাসিন্দারাও অনুমতি ছাড়া হজ পালন করতে পারবেন না।
গত বছর তীব্র গরমে বিপুলসংখ্যক হাজীর মৃত্যুর প্রেক্ষাপটে এবছর হজ ব্যবস্থাপনায় কঠোরতা আনা হয়েছে। তখন প্রায় ১ হাজার ৩০০ জন হাজী মারা যান। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার অনুমতিপ্রাপ্ত হাজীদের নিয়েই হজ পালনের ব্যবস্থা করছে সৌদি কর্তৃপক্ষ।
সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৪ লাখ হাজী মক্কায় পৌঁছেছেন। আগামী দিনগুলোতে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
প্রতি বছর জিলহজ মাসে অনুষ্ঠিত হয় হজ, যা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এ সময় নির্ধারিত নিয়ম মেনে বিশ্বজুড়ের লাখো মুসল্লি হজের বিভিন্ন ধাপ সম্পন্ন করেন।
















