নেত্রকোনার আটপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
রোববার (২২ নভেম্বর) বিকালে আটপাড়া উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়। সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা আজিজুল হক চন্দন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌছিফুল ইসলাম খান, উপজেলা বিএনপি নেতা রাকিব হোসেন পুতুল, লুনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, সদস্যসচিব নুর খান ফরিদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাইয়ুম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকাকালে যে ক্ষত সৃষ্টি করেছেন, বিএনপি তার প্রতিশোধ নেয়নি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কারও বাড়িঘরে হামলা-ভাঙচুরের কোনো নজির নেই। এরপরও কেউ এলাকার শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপির সরলতাকে দুর্বলতা ভেবে কেউ দুঃসাহস দেখালে তার পরিণতি ভালো হবে না। সরকারে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি আরও বলেন, ফ্যামেলী কার্ড বাস্তবায়নের জন্য ইতিমধ্যে জরিপ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ে ক্রমে সবাই পাবে তাই সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা আহবান জানান। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে সকলে মিলে জয়যুক্ত করতে হবে।
সমাবেশ থেকে বক্তারা লকডাউনের নামে নাশকতা, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কেন্দুয়া প্রতিনিধি 



















