ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম এবং দেশটির সংবাদমাধ্যম চ্যানেল ১২ বিষয়টি নিশ্চিত করেছে।
মাগেন ডেভিড অ্যাডোম জানায়, শুক্রবার গভীর রাতে মধ্য ইসরায়েলের রিশন লেজিওন এলাকায় একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তি প্রাণ হারান এবং আরও ২০ জন আহত হন। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে, হামলার কিছু সময় আগেই ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিবে নিহত হন এক নারী।
চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে জানানো হয়, হামলায় আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে নিরাপত্তার কারণে অন্তত ৪০০ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলি বিমান হামলার পাল্টা জবাবে শুক্রবার রাতে ইরান একাধিক দফায় তেল আবিবসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদ করে।
হারেৎজ পত্রিকার তথ্য অনুযায়ী, ইরানের হামলায় রামাত গান শহরে অন্তত ৯টি আবাসিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।


















