স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্টিয়ারিং কমিটির সভায় সদস্যরা নারী, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের জন্য স্টিয়ারিং কমিটির কার্যক্রম স্থায়ীত্বশীল করার উপর গুরুত্বারোপ করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ত্রিশাল উপজেলা স্টিয়ারিং কমিটির দশম সভা ২১ মে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ত্রিশাল উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়। আজকের সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল বাকিউল বারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ। সভায় কর্মপরিকল্পনা অনুযায়ি অগ্রগতি পর্যালোচনা সহ প্রকল্পের কার্যক্রম শেষে ভবিষৎতে স্টিয়ারিং কমিটির কার্যক্রম স্থায়ীত্বশীল করার জন্য করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্টিয়ারিং কমিটির সমন্বয়কারী ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর পরিচালনায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ত্রিশাল থানার নারী ও শিশু সুরক্ষা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর কামরুন্নাহার, পোড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংস্কৃতি কর্মী অবিনাশ চন্দ্র দাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের সভাপতি তানজুম মোস্তফা অর্না, তৃণমুল নারী নেত্রী মাহমুদা আক্তার ও উপজেলা তথ্য আপা নাজমা খাতুন প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল বাকিউল বারী স্টিয়ারিং কমিটির কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথি ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ বলেন নারী, শান্তি ও নিরাপত্তা রক্ষায় ত্রিশাল পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে । স্টিয়ারিং কমিটির সদস্য ও ত্রিশাল থানার নারী শিশু প্রতিবন্ধী ও বৃদ্ধ সহায়তা ডেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে ত্রিশাল থানায় নারীদের বিভিন্ন অভিযোগ আন্তরিকভাবে গ্রহণ করা হয় এবং সমাধানের জন্য চেষ্টা করা হয়। শুধু অভিযোগ প্রদানকারী বা নির্যাতিতা নারীদের জন্যই না, নারী আসামীদের জন্যও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় যেন তাদের কোন মর্যাদাহানি না ঘটে। সদস্যদের আগ্রহের কারণে তিনি বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে স্কুল পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতা সভা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন। তাছাড়া বাল্যবিয়ে প্রতিরোধ, নারী পাচার, মাদক ও স্কুল এলাকায় যৌনহয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
কমিটির সমন্বয়কারী মৃনাল কান্তি চক্রবর্তী বলেন, বর্তমান প্রকল্প মেয়াদকালীনন সময়ে এটাই হয়তো শেষ সভা। তাই আজকের সভায় প্রকল্পের কার্যক্রম বিভিন্ন সেক্টরের মাধ্যমে কিভাবে স্থায়ীত্বশীল করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে পরিকল্পনা গ্রহণ করা হয় , তাছাড়া ২৫-২৬ মে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় কর্মশালায় প্রস্তুতি হিসেবে সদস্যদের করনীয় বিষয় নির্ধারণ করা হয়।
















