হিজরি ৯ জিলহজ, হজের দিনের প্রাক্কালে ধর্মীয় মর্যাদা ও আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে সৌদি আরবের পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ (কিসওয়া) পরানো হয়েছে। বুধবার (২৫ জুন) আসরের নামাজের পর শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ জুন) সকালে এই গিলাফ পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন হয়।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, প্রতি বছর এই দিনেই কাবার গিলাফ বদলের ঐতিহ্য অনুসরণ করা হয়। এবারও যথানিয়মে এই আচার পালন করা হয়।
২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া ১১ মাসব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কিসওয়া অব দ্য কাবা’ কর্তৃক নতুন গিলাফটি তৈরি করা হয়। হাতে বোনা রেশম এবং খাঁটি স্বর্ণ-রুপার সুতো দিয়ে তৈরি এই গিলাফে রয়েছে ৪৭টি সূচিকর্মে অলংকৃত রেশমি প্যানেল। এতে কোরআনের ৬৮টি আয়াত এবং আল্লাহর গুণবাচক নাম যেমন ‘আর-রহমান’, ‘আর-রহিম’সহ ঈমানের মূল বাণী ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ’ উৎকীর্ণ রয়েছে।
প্রতিটি প্যানেল সোনালি বেল্ট ‘হিজাম’-এ আবৃত, যা সুদক্ষ হাতে খাঁটি স্বর্ণ ও রুপার সূতো দিয়ে সজ্জিত করা হয়েছে। গিলাফটির ওজন প্রায় ১,৪১৫ কেজি। এতে ব্যবহৃত হয়েছে ৮২৫ কেজি কালো রেশম, ৪১০ কেজি তুলা, ১২০ কেজি সোনার প্রলেপযুক্ত রুপার সূতো এবং ৬০ কেজি খাঁটি রুপা।
বাইরের অংশ কালো রেশম দিয়ে তৈরি হলেও, অভ্যন্তরে সবুজ, লাল ও সাদা রেশম এবং সুতির স্তর রয়েছে— যা ঐক্য, শান্তি, স্থিতি ও আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
গিলাফ তৈরির কাজে অংশ নিয়েছেন সৌদি আরবের ১৫০ জনেরও বেশি দক্ষ কারিগর, ডিজাইনার, ক্যালিগ্রাফার এবং তাঁতি। পুরো প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণ ও ধর্মীয় পবিত্রতা বজায় রেখে কাজ সম্পন্ন করা হয়েছে।
এই গিলাফ পরিবর্তনের ঐতিহ্য মুসলিম উম্মাহর ঐক্য, পবিত্রতা এবং আল্লাহর প্রতি নিবেদন প্রকাশের এক অনন্য প্রতীক হিসেবেই বিবেচিত হয়।


















