শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
সভায় দুর্গোৎসব ঘিরে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে উদযাপনের সমান অধিকার রয়েছে। দুর্গাপূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ অটুট রাখতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।
এ সময় উপজেলার ৩১টি পূজামণ্ডপে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামের জন্য পাঁচ হাজার টাকা করে বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন তিনি।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইলচেয়ার এবং অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
স্টাফ রিপোর্টার, নান্দাইল 




















