নেত্রকোণার পূর্বধলা উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) উপজেলা আহ্বায়ক মো. সালমান রহমান পল্লবকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার (৭ মে) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নেত্রকোণা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন। বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। একই সঙ্গে নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানী। বুধবার রাত আটটার দিকে পূর্বধলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন।
এর আগে বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, তার এক আত্মীয় একটি মেয়েকে (১৮) নিয়ে ঢাকা যাওয়ার পথে শ্যামগঞ্জ বাজারে ছাত্রদল নেতা পল্লব ও তার সহযোগীরা গাড়ি থামিয়ে ওই নারীকে জোরপূর্বক নামিয়ে শ্লীলতাহানি করে। তিনি আরও দাবি করেন, মেয়েটির চাচাকে বাধা দেওয়ায় মারধর করা হয় এবং মেয়েটিকে দুই ঘণ্টা আটকে রাখা হয়। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীরা ওসির সামনেই হুমকি ও গালাগালি করে বলে অভিযোগ করেন তিনি।
পরে সংবাদমাধ্যমকে জানানো হয়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা পালপাড়া এলাকায় একদল দুষ্কৃতিকারী একটি অ্যাম্বুলেন্স থামিয়ে ওই নারীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম জানান, “ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
















