২০০২ সালে হত্যার শিকার মুক্তাগাছা উপজেলার ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ের আরও ৬ মাসের কারাদন্ডের রায় দেয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. হারুন অর রশিদ মামলার দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব, একই এলাকার মির্জাপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. সোহেল, সরিষাবাড়ী উপজেলার রাধনগর গ্রামের বাসিন্দা রমজান আলী, সদর উপজেলার গণে শ্যামপুর এলাকার বাসিন্দা আব্দুল হাই ওরফে হীরা, একই উপজেলার মির্জাপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ এবং মুক্তাগাছা উপজেলার কুমারগাথা গ্রামের বাসিন্দা আব্দুছ সালাম।
মামলার এজাহার সূত্র জানায়, নিহত নূরুল হক ওরফে আশরাফ আলী পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মনতলা বাজারে ধান চালের ব্যবসায়ী ছিলেন। ২০০২ সালের ১৯ জুলাই তিনি ব্যবসার কাজে বাজারে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনার পরদিন ২০ জুলাই স্থানীয় মনতলা ব্রিজ সংলগ্ন একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২০০২ সালের ২০ জুলাই নিহতের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে মামলার দীর্ঘ তদন্তে ৯ জন অভিযুক্ত হয়।
তবে মামলার বিচারিক কার্যক্রম চলাকালীন সময়ে ৩ আসামি মারা যাওয়ায় অন্য ৬ আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন আদালত। বর্তমানে রায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।























