ময়মনসিংহ বিভাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় নগরীর নতুন বাজারস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ. এফ. এম. এহতেশামূল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ। গণশুনানিতে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল।
এ সময় ময়মনসিংহ বিভাগের চার জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, ব্যবসায়ী, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি, ওষুধ বিক্রেতা সংগঠনের প্রতিনিধি, মাদক নিরাময় কেন্দ্রে প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজে মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
গণশুনানিতে অংশগ্রহণকারীরা মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল করতে ধর্মীয় শিক্ষার উপর জোরদার, বাবা-মা ও সন্তানের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সিলিং করাসহ নানা প্রস্তাবনা দেন। মাদকবিরোধী কার্যক্রমে সবাই নিজ নিজ অবস্থান থেকে সরাসরি সম্পৃক্ত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার 

























