সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নেয়ার র্যাফেল ড্র’-তে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ২২ লাখ টাকা) জিতেছেন এক ভারতীয় প্রবাসী। সৌভাগ্যবান এই ব্যক্তি পল জোসে মাভেলি, যিনি এর আগেও একবার এই লটারি জিতেছিলেন।
দুবাইয়ের স্থানীয় ইংরেজি দৈনিক খালিজ টাইমস-এর বরাতে জানা যায়, কেরালা রাজ্যের বাসিন্দা ৬০ বছর বয়সী পল জোসে বর্তমানে দুবাইয়ের একটি ছোট নির্মাণ প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। গত ৩৮ বছর ধরে তিনি আমিরাতে বসবাস করছেন।
এবারের ড্রয়ের টিকিট তিনি ১৭ জন বন্ধুর সঙ্গে মিলে কিনেছিলেন। এর আগে ২০১৬ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো এই লটারি জেতেন তিনি। তখন টিকিট কিনেছিলেন ৯ জন বন্ধুর সঙ্গে মিলে।
পল বলেন, “দ্বিতীয়বার এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, ১৯৯৯ সালে চালু হওয়া এই র্যাফেল ড্রয়ে এখন পর্যন্ত ২৫১তম ভারতীয় হিসেবে এক মিলিয়ন ডলার জিতেছেন পল জোসে।
















