জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবনের দায়ে মো. মোস্তফা (২১) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেওয়ানগঞ্জ পৌরসভার বাদেশ শারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় মোস্তফাকে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 






















