‘বিশ্ববিদ্যালয়জীবন শুধু শ্রেণিকক্ষ ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরিতে সহায়তা করে।’
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান।
এদিন শাহজালাল হল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তুলতে এ আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে আতিকুর রহমান বলেন, ‘নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’
অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। তবে মাঠে খেলোয়াড়সুলভ আচরণ, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আয়োজকেরা জানান, শাহজালাল হলের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশ, পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে অংশগ্রহণকারী খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্টাফ রিপোর্টার 



















