‘এইচ’ গ্রুপের শেষ ম্যাচে জমে উঠেছিল নকআউটে ওঠার লড়াই। পয়েন্ট তালিকার জটিল সমীকরণে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল উত্তেজনা।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে জানত, স্পেনকে হারাতে পারলেই সরাসরি শেষ ৩২-এ উঠে যাবে। কিন্তু শক্তিশালী স্পেনের বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় মার্সেলো বিয়েলসার শিষ্যদের। ড্র করতে পারলেও ক্ষীণ আশা টিকে থাকত, তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। ফলে টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে।
অন্যদিকে, আগেই নকআউট নিশ্চিত করা স্পেন জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ উঠেছে।
এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে ছোট দেশটি প্রথমবার খেলেই নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে। সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা শেষ ৩২-এ উঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
আগামী ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচ।
এদিকে, ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন স্পেন শেষ ৩২-এ ‘জে’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে। আগামী ২ জুলাই, লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় স্পেনের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া অথবা আলজেরিয়া।

স্পোর্টস ডেস্ক 























