টাঙ্গাইলের মধুপুর গড়ে শালবন রক্ষা ও বনবাসী গারো কোচ বর্মন মানুষদের ভূমি সমস্যা, সাংস্কৃতিক অধিকার, সমতল এলাকায় পৃথক ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন বিষয়ে বেনিফিসিয়ারীজ ফিডব্যাক মিটিং করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
২৭ জুন শনিবার জলছত্র শান্তি নিকেতন হল রুমে শালবন রক্ষা ও বনবাসীদের জীবনযাত্রা রক্ষায় বন মামলা, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সমস্যা ও বাজেটসহ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক।
এ সময় বক্তব্য রাখেন জলছত্র ধর্মপল্লীর পুরোহিত সুভাষ কস্তা সিএসসি, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট জনযেত্রা, বেলার বিভাগীয় প্রোগ্রাম অফিসার গৌতম চন্দ্র চন্দ, পীরগাছা থাংয়ানি কো-পারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মিহির মার্টিন মৃ, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নর্থ টাঙ্গাইলের সভাপতি হাবিবুর রহমান, কোচ আদিবাসী সংগঠনের সভাপতি গৌরাঙ্গ বর্মন প্রমুখ।
এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের গারো কোচ বর্মন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায়, মধুপুরে বসবাসরত গারো কোচদের জীবন-মান উন্নয়নে তাদের বিভিন্ন সমস্যা তোলে ধরেন। তারা সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন,বনের সীমানা নির্ধারণ, মামলা দ্রুত নিষ্পত্তি, কালচারাল একাডেমি, ভাষা সংরক্ষণ করাসহ বিভিন্ন বিষয়ে দাবি জানান।
জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন,আদিবাসীদের ভূমি সমস্যার সমাধান হওয়া দরকার। তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষা ও সংরক্ষণের জানিয়ে বলেন, মধুপুরের গারো কোচদের মামলা দ্রুত নিষ্পত্তি করা দরকার।

হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 




















