ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনার মদন উপজেলার বালালী গ্রামের কৃতি সন্তান ও ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর জেলা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ওসি মাহমুদুল হাসানের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জনসেবার মানোন্নয়ন এবং সার্বিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ মাহমুদুল হাসানকে ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মাননা লাভের পর জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্থানীয়রা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ স্বীকৃতি ভবিষ্যতে তাঁর জনসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 




















