শেরপুরের নকলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত ২০৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নকলা পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পরে অতিথিবৃন্দ প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ উত্তীর্ণ নকলা উপজেলার ২০৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা স্মারক ও অভিনন্দনপত্র তুলে দেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা অডিটোরিয়াম প্রাঙ্গণে রাখা বোর্ডে নিজেদের অনুভূতি ও ভবিষ্যৎ স্বপ্ন লিখে এবং স্মৃতিচারণমূলক ছবি তুলে আনন্দঘন সময় কাটায়। কয়েকজন শিক্ষার্থী মঞ্চে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্যও দেয়।
সবশেষে প্রাথমিক শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

শেরপুর প্রতিনিধি 






















