ময়মনসিংহের ত্রিশালে অবৈধ দখলমুক্ত করে প্রায় এক একর সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ত্রিশাল পৌরসভার রামপুর মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রামপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ১১৮ শতাংশ সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করে জমিটির দখল সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি দল, রামপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ত্রিশাল পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। এ সময় জমিতে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করে সেখানে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 




















