ময়মনসিংহের ভালুকায় নিজের কেনা জমিতে নির্মিত ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার। এ ঘটনায় প্রতিকার চেয়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছেন মো. মোস্তাফিজুর রহমান মামুন। একই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরও আবেদন করেছেন তিনি।
মো. মোস্তাফিজুর রহমান মামুন ভালুকা উপজেলার হবিরবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
লিখিত আবেদনে মামুন উল্লেখ করেন, ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় নিজের কেনা জমিতে দুই বছরের বেশি সময় ধরে তিনি একটি ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় পরিচালনা করে আসছেন। কার্যালয়টি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও ব্যবহৃত হতো। তবে তাঁর অভিযোগ, ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাজাহারুল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই কার্যালয়ে জোরপূর্বক তালা ঝুলিয়ে দেন।
মামুনের দাবি, কার্যালয়ে তালা দেওয়ার কারণ জানতে চাইলে মাজাহারুল ইসলাম তাঁকে জানান, স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দীন আহমেদ বাচ্চুর নির্দেশে এ কাজ করা হয়েছে। সংসদ সদস্যের অনুমতি ছাড়া কার্যালয়ের তালা খোলা যাবে না বলেও তাঁকে জানানো হয়। এমনকি তালা খোলার চেষ্টা করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আবেদনে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন সময়ে ওই কার্যালয় থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী নন—এমন নেতাকর্মীদের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধা দিতে ভয়ভীতি, হুমকি ও হামলার ঘটনা ঘটছে।
মামুনের ভাষ্য, কার্যালয়ে প্রবেশ করতে না পারায় তাঁর স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নিজস্ব জমিতে নির্মিত কার্যালয়েও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে।
এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং নিজস্ব জমিতে নির্মিত কার্যালয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে ব্যক্তিগত সম্পত্তিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানি বন্ধে জেলা বিএনপির নেতাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার 



















