খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ইসরায়েলি অবরোধে কয়েক মাস ধরে খাদ্য, ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশ করতে না পারায় মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে স্থানীয় জনগণ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সংকট এতটাই তীব্র যে গাজার বহু মানুষ পশুর খাদ্য এবং বালুযুক্ত আটা খেতে বাধ্য হচ্ছেন। এই অস্বাস্থ্যকর খাবারের ফলে শিশুরা ব্যাপকভাবে ডায়রিয়া ও অপুষ্টিতে আক্রান্ত হচ্ছে।
জাতিসংঘের আইপিসি (Integrated Food Security Phase Classification) বলছে, গাজায় ইতিমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেখানে ৯ লাখ ৩০ হাজারেরও বেশি শিশু চরম খাদ্য সংকটে রয়েছে। শুধু চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত খাদ্যের অভাবে ৫৭ শিশুর মৃত্যু ঘটেছে। অবরোধ অব্যাহত থাকলে আগামী ১১ মাসে পাঁচ বছরের নিচে আরও ৭১ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘ আড়াই মাস পর অবশেষে ইসরায়েল সোমবার করিম আবু সালেম সীমান্ত দিয়ে গাজায় প্রথম দফায় পাঁচটি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দিয়েছে। আজ মঙ্গলবার জাতিসংঘের অনুমোদনে প্রায় ১০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মুখপাত্র জেনস লার্কে। তিনি জানিয়েছেন, নতুন করে আসা ত্রাণে শিশুদের জন্য পুষ্টিকর খাবার রয়েছে এবং পুরনো কাঠামো অনুসরণ করেই সেগুলো বিতরণ করা হবে।


























