শেরপুর জেলার সাতটি গ্রামে সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার মধ্যে এসব গ্রামের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে প্রায় ২০০ থেকে ২৫০ মুসল্লি অংশ নেন।
পুরুষ মুসল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার আড়ালে নামাজ আদায় করেন। নামাজ শেষে আয়োজন করা হয় প্রীতিভোজের এবং সম্পন্ন করা হয় কোরবানির আনুষ্ঠানিকতা।
আগাম ঈদ উদযাপনকারী গ্রামগুলো হলো—শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়নখোলা এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।
স্থানীয়দের ভাষ্যমতে, গত কয়েক বছর ধরে এসব এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ পালনের ধারা চলছে। সময়ের সঙ্গে সঙ্গে মুসল্লির সংখ্যাও বাড়ছে।
তবে তাদের এ আগাম ঈদ উদযাপন নিয়ে জেলার অন্যান্য এলাকাগুলোর মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে বিভিন্ন যুক্তির মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।
























