যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে ভয়াবহ এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি আবাসিক ভবন ধসে পড়েছে। এতে একজন নিহত ও দুই নারী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় দমকল বিভাগ।
রোববার (২৯ জুন) ভোর ৪টা ৫০ মিনিটে শহরের ১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে এবং তিনটি ভবন মুহূর্তেই ধসে পড়ে বলে জানান দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি।
উদ্ধারকাজে অংশ নিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ধ্বংসস্তূপ থেকে দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
পরবর্তীতে কর্মকর্তারা নিশ্চিত করেন, এ ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন, যদিও তার পরিচয় প্রকাশ করা হয়নি।
ম্যাককার্টি আরও জানান, বিস্ফোরণের মূল উৎসস্থলের কাছাকাছি জায়গায় ধসের ঘটনা ঘটে এবং এতে আশপাশের অন্তত পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।


























